স্টাফ রিপোর্টার।। নগরীর রুপাতলীতে জমি দখলের জের ধরে খাদিজা আক্তার(৩৫)নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় রুপাতলী ২৫ নং ওয়ার্ড পাটনি বাড়ি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত খাদিজা বলেন, ঘটনার আগের দিন সারারাত তার ক্রয়কৃত ৯ শতাংশ জমিতে জোরপূর্বক বাউন্ডারি দেয়াল দিয়ে দখলের চেষ্টা চালায় একই এলাকার শামীম খান ও মামুন খান সহ অজ্ঞাত আরো ৪-৫ জন। সংবাদ পেয়ে ঘটনার দিন দুপুরে সে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় শামীম সহ অন্যান্যরা তাকে হত্যার চেষ্টায় লাঠি সোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। ডাক চিৎকার শুনে তার স্বামী সুমন মোল্লা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে। ঘটনার পর স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।