মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন গাজীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চরলতা গ্রামে।
অভিযোগকারী ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য লিটন গাজী জানান, সোমবার দুপুরে নিজের বসত বাড়িতে তার মাদ্রাসা পড়ুয়া ছেলে লিমন (১২) কে মাদ্রাসায় না যাওয়ায় তিনি শাসন করছিলেন। ঘটনার সময় হঠাৎ করে প্রতিবেশী সেকান্দার আলী দেওয়ানের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মো: রত্তন দেওয়ান ও মোহাম্মদ আলী সিপাহীর ছেলে মো: আক্কাস সিপাহী পূর্ব শত্রুতার জের ধরে উদ্দেশ্যমূলক ভাবে ছেলেকে কেন শাসন করছি এমন অজুহাত তুলে তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তিনি ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার ঘটনায় অভযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত লিটন গাজী মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।