স্টাফ রিপোর্টার।। বরিশাল মুলাদী উপজেলার উত্তর কাজীরচর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই সহোদরকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও দুইটি উন্নত মানের মোবাইল ফোন চিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় উত্তর কাজীরচর ১ নং ওয়ার্ড বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা শাজাহান বেপারীর ছেলে ইমরান হাসান ও তার চাচাতো ভাই হাদিস বেপারী। আহতদের মধ্যে হাদিস প্রাথমিক চিকিৎসা নিলেও ইমরান শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইমরান বলেন, আমার চাচা সত্তার বেপারী ও মালেক বেপারীর সাথে পার্শ্ববর্তী হানিফ ব্যাপারী গং এর দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন সকালে হানিফ সত্তার বেপারীর মুদি দোকানের সামনে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ সহ বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে। এ ব্যাপারে মালেক জিজ্ঞাসাবাদ করতে গেলে হানিফের ছেলে আবু বেপারী ও আলী আকবর বেপারীর ছেলে মুরাদ ব্যাপারী তাকে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মালেক গুরুতর আহত হয়। ঘটনার পর তারা তাদের দোকানপাট ও ঘর ভাঙচুর এবং বড়ই গাছ কেটে ফেলে। এ সংবাদ পেয়ে আমি পরের দিন ঢাকা থেকে বাড়িতে আসি। এ সময় হানিফ বেপারী,আবু বেপারী,আলী আকবর বেপারী, মুরাদ ব্যাপারী, ও আনোয়ার বেপারীসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করে। এ সময় আমি তাদেরকে বাধা প্রদান করলে তারা আমাকে চিনতে পেরে ঘটনাস্থল থেকে সরে যেতে বলে। আমি সরে না যাওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে আমাকে পরিকল্পিতভাবে চাইনিজ কুঠাল, রামদা ও হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হাদিস আমাকে উদ্ধার করার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার মাথায় প্রচন্ড আঘাতের কারণে খুলির হাড় ফেটে গিয়েছে। তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তিনি অভিযোগ করে আরো বলেন, আমি রাষ্ট্রের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।