স্টাফ রিপোর্টার।। মুলাদী উপজেলার চর লক্ষীপুর গ্রামে চোরের হামলায় সাইফুল ইসলাম ৪৫ নামে এক কৃষক রক্তাক্ত জখম হয়েছে। বৃহস্পতিবার (২মে) দুপুর ১ টায় চর লক্ষীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাইফুল জানান, তার বাগান থেকে দীর্ঘদিন ধরে কলা এবং পান চুরি করে আসছে স্থানীয় ছিচকে চোর জসিম,ছেলে ইউনুস, ও ইয়াসিন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বৃহস্পতিবার সকালে জসিম সহ অন্যান্যরা তার কলাগাছ থেকে কলা ও পানের বরজ থেকে পান চুরি করতে যায়। এ সময় সাইফুল তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদেরকে গালমন্দ দিয়ে ছেড়ে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে সে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। এ সময় পথে ওৎ পেতে থাকা জসিম, ইউনুস ও ইয়াসিন তাকে হত্যার উদ্দেশ্যে রড ও দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।