স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া শাফা ইউনিয়নে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীর মহিলা সহ কমপক্ষে ৭ সমর্থক গুরুতর আহত হয়েছে। এ সময় ঘর ভাঙচুর নগদ অর্থ ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ১০ জুন সকাল সাড়ে ৭ টায় শাফা ইউনিয়নের হাওলাদার বাড়ির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, মহিউদ্দিন হাওলাদার, ভাই আল আমিন হাওলাদার, চাচাতো ভাই সাইফুল ইসলাম, চাচা শাহ আলম হাওলাদার, মা সাফিয়া বেগম, স্ত্রী মুনমুন ও ভাবি সুমি।
এসময় তাদের হাত থেকে রক্ষা পায়নি ৭ শিশু। আহতদের মধ্যে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মহিউদ্দিন জানান, সাফা ইউনিয়নে উপজেলা নির্বাচনে সে ও তার পরিবার আনারস মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের সামর্থক হওয়ায় ঘটনার দিন সোমবার সকালে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট বাইজিদ আহমেদের সামর্থক ইপি সদস্য হারুন তালুকদারের নেতৃত্বে ইউসুফ ফরাজী,হৃদয়, সুমন, মহারাজ, জাহিদ, সোহেল ও রফিকুল সহ অজ্ঞাত আরো ২০-৩০ জন তাকে রামদা চাইনিজ কুঠাল ও জি আই পাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি পুকুরের সামনে থেকে ধাওয়া করে। এ সময় সে দৌড়ে তার বাড়িতে প্রবেশ করলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে অন্যান্যরা ঘটনাস্থলে গেলে তাদেরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।