স্টাফ রিপোর্টার।। বরিশাল বানরিপাড়া উপজেলার পূর্ব সাতবারিয়া ইউনিয়নে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমিদস্যুরা। সোমবার (১০ জুন) সন্ধ্যার পর মসজিদ বাড়ীয়া গ্রামের হাওলাদার বাড়ির মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আহাম্মদ আলী মীর ও তার স্ত্রী রেবা বেগম। আহতদেরকে বানড়িপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আহাম্মদ কে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত আহাম্মদ আলী জানান, তার ৪৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে স্থানীয় ভূমিদস্যু রেজাউল করিম গং। এ ঘটনায় সে বাদী হয়ে ২০১৪ সালে দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলায় তার পক্ষে রায় আসে। অপরদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ মীমাংসার জন্য রেজাউল কে ডাকা হলে সে অনুপস্থিত থাকে। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সে বাড়ীর কাছের মসজিদে মাগরিবের নামাজ শেষে রওয়ানা হয়। পথিমধ্যে রেজাউল রাসেল ইসাহাক আজিজুল আব্দুল লতিফ জসিম ও মঞ্জুসহ অজ্ঞাত আরো কয়েকজন তার পথ রোধ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র এবং জিআই পাইপ সহ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সে গুরুতর জখম হয়। তার ডাক চিৎকার শুনে রেবা ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে চিকিৎসকরা আহাম্মদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।