স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ড ভর পাশা গ্রামে একই পরিবারের ৩ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে জাকির মাঝি ও তার সহযোগীরা। এ সময় নগর ২ লক্ষ টাকা স্বর্ণালংকার ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহতদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেল ৪ টায় ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পারভীন বলেন, ঘটনার দিন শুক্রবার বিকেলে আমার স্বামী শওকত হোসেন স্বপন আসরের নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী মসজিদে যায়। এমন সময় জাকির মাঝি,কবির মাঝি ও নাসির মাঝি সহ অজ্ঞাত আরো ৫-৭ জন মুখোশ পরে আমার ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে জাকির আমার কাপড়ের আঁচল দিয়ে গলায় ফাঁস দেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিতে তাদের মুখোশ খুলে যায়। আমি তাদেরকে চিনে ফেলায় আমার মেয়েকে ও আমাকে বেধড়ক মারধর করে। পরে আমার স্বামী নামাজ পরে ঘরে আসলে তাকেও মারধর করে। আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে তারা পালিয়ে যায়। স্বজনরা আমাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
স্বপন অভিযোগ করে বলেন, আমি জমি বিক্রি করে দুই লক্ষ টাকা বায়না গ্রহণ করেছি। তারা সেই কথা জানত। সেই টাকা ডাকাতি করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে।