স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন নবগ্রাম রোড ইন্দ্রকাঠী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালিয়েছে আব্দুল আজিজ হাওলাদার ও তার সহযোগীরা। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে আজিজ নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টায় সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের নাম আব্দুর রহমান মাহিন। সে ওই গ্রামের বাসিন্দা সৈয়দ জহিরুল ইসলাম। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, মাহিনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল একই গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার রাতে মাহিন তার ফুফু বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে দেখতে পায় তুচ্ছ ঘটনা নিয়ে তার ফুপাতো ভাই তানভীরকে অশ্লীল ভাষায় গালমন্দ করে আব্দুল আজিজ। এ সময় সে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আব্দুল আজিজ হাওলাদার, রশিদ হাওলাদার, মজিদ হাওলাদার ও ইমন সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতের ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।