স্টাফ রিপোর্টার : নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায় রাজনৈতিক কোন্দলের জের ধরে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ী শাকিল ও তার সহযোগীরা।
শনিবার (৩ জুন) দুপুর ১২ টায় নবগ্রাম রোড সামসু মিয়ার গেরেজ সংলগ্ন সিকদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: জুম্মান,সে ওই এলাকার বাসিন্দা হারুন খানের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের ভাই রাহাত জানান, জুম্মানের সাথে একই এলাকার মাদক ব্যবসায়ী শাকিল ও আশিক শরীফের দীর্ঘদিন ধরে রাজনৈতিক কোন্দল চলে আসছে। তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন শনিবার দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে সামসু মিয়ার গেরেজের সম্মুখে চা খাওয়ার জন্য দোকানে যায়।
একপর্যায়ে শাকিল ও আশিক জুম্মানকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক,তাকে যে কোন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।