স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে আনসার ভিডিপি সদস্য সহ ৩ সহদরকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় চরআইচা গ্রামের মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের বাসিন্দা রুস্তম মৃধার ছেলে আসলাম মৃধা, বাপ্পা মৃধা, ও রুবেল মৃধা। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রুবেল জানান, এক বছর আগে তার ভাই আসলাম মৃধার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নেয় পার্শ্ববর্তী ইকবাল মৃধা। কিন্তু ৬০ হাজার টাকার লিখিত থাকলেও বাকি ৪০ হাজার টাকার কোন লিখিত দেয়নি সে। টাকা চাইতে গেলেই সে আসলাম মৃধা ও তার পরিবারকে করে আসছে বিভিন্নভাবে হয়রানি। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে আসলাম যাহাতে ঘর থেকে বের না হতে পারে সেজন্য তার দরজার সামনে বেষ্টনী দিয়ে পথ আটকে দেয় ইকবাল।
এসময় আসলাম প্রতিবাদ করে করলে ক্ষীপ্ত হয়ে ইকবাল মৃধা, হৃদয় মৃধা,ও রিয়ান মৃধাসহ কয়েকজন আসলামকে হত্যার উদ্দেশ্যে রামদা চাপাতি ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে বাপ্পা ও রুবেল ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তার স্বজনরা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, তাদের অত্যাচারে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। রিয়ান একজন চিহ্নিত মাদক সেবনকারী। মাদক সেবন করে সে প্রতিনিয়ত তাদেরকেও হয়রানি করে থাকে। এ ঘটনায় আহতের ভাবী সোনিয়া আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে।