স্টাফ রিপোর্টার।। গৌরনদীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পৌর মেয়র হারিচ সমর্থকের হামলায় মনির সমর্থকের ৬ জন গুরুতর জখমের অভিযোগ উঠেছে। রবিবার (৯ জুন) রাত সাড়ে ৮ টায় দিয়াশুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, দিয়াশুর ইউনিয়নের টুকু মল্লিক, মিরাজ মল্লিক, সোহেল মল্লিক, রাব্বি মল্লিক, টিপু মৃধা ও সৌরভ হাওলাদার। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত টুকু জানান, তারা চেয়ারম্যান প্রার্থী মনিরের নির্বাচনী প্রচারণা করার অপরাধে ঘটনার দিন রবিবার রাতে পরাজিত প্রার্থী ও হারিচের লোকজন টুকু মল্লিক কে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতিসহ দেশীয় ও অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় মিরাজ, সোহেল, রাব্বি,টিপু ও সৌরভ ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।