স্টাফ রিপোর্টার
বরিশাল গৌরনদীর সরিকল ইউনিয়নের মিয়ার চর গ্রামে জমি থেকে উৎখাতের চেষ্টায় ব্যর্থ হয়ে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে ভূমি দস্যুরা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় আকন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম রহিমা বেগম সে ওই গ্রামের বাসিন্দা আব্দুল মালেক আকনের স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রহিমা জানান, ১৯৮২ সালে তার শ্বশুর হাশেম আকন স্বামী আব্দুল মালেক ও মামাশ্বশুর হানিফ সরদারের মোট ১৪৮ শতাংশ জমি থেকে হানিফের ২৪ শতাংশ, হাশেম ও মালেকের কাছ থেকে ১৬ শতাংশ মোট ৪০ শতাংশ জমি ক্রয় করে একই গ্রামের নাসির উদ্দিন সরদার।
কিন্ত ৪০ শতাংশ জমি ক্রয় করে ১০৮ শতাংশ জমি থেকে তাদের নামে ৪৬ শতাংশ রেখে বাকি ১০২ শতাংশ জমি জালিয়াতি করে লিখে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান নাসির উদ্দিন সরদারের আত্মীয় হওয়ার সুবাদে সে স্বজন প্রীতি করে শালীশ বৈঠকে নাসিরের পক্ষে রায় দেয়। শালিশের রোয়েদাদ নামায় তাদের কথামতো ৬৫ শতাংশ লেখায়। এ ঘটনায় তার ভাসুর হাসেম আকন বাদী হয়ে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে দলিল জাল জালিয়াতির একটি মামলা দায়ের করে। বর্তমানে সেই মামলা সিআইডিতে চলমান রয়েছে।শুধু তাই নয় অসহায় রহিমা কোন উপায় না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বরিশাল পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার দুপুরে নাসির উদ্দিনের নেতৃত্বে নেসার উদ্দিন সরদার ও রেজাউল সরদার মালেকের জমিতে লাগানো ৫টি মেহগনি ও ৩টি রেন্ডি গাছ কেটে নেয়ার চেষ্টা করলে রহিমা বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নেসার উদ্দিন সরদার ও রেজাউল সরদার সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, কয়েক বছর আগে ওই জমি থেকে মেহগনি ও রেন্ডিসহ প্রায় ৩ লক্ষ টাকার গাছ কেটে নেয় তারা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।