স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকায় জমিজমা বিরোধের ধরে দাদাও নাতিকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে ও কামড়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় কাগাসুরা খান বাড়িতেএ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ খান ও তার নাতি তানভীর খান। আহতদের মধ্যে তানভীর শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২০১২ সালে তানভীরের মা তাসলিমা বেগম স্থানীয় মনোয়ারা বেগমের কাছ থেকে ৪.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। মনোয়ারার মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর সিকদার তাসলিমাকে সেই জমি বুঝিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় মনোয়ারার ভাইয়ের ছেলে মানিক খান বাধা প্রদান করে। এ ব্যপারে তাসলিমা কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করলে কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ঈদুল আযহার এক সপ্তাহ পর সালিশ বৈঠকে বসে তাদেরকে জমি বুঝিয়ে দেয়া হয়।
তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার দুপুরে তানভীর তাদের জমিতে লাগানো গাছের ডাল কাটতে যায়। এ সময় মানিক খান, কাজল খান, রেহানা বেগম, রহিমা বেগম ও হোসনেয়ারা বেগম সহ অজ্ঞাত আরো কয়েকজন তানভীরের ডাল কাটায় বাধা প্রদান করে। পরে তার দাদা আব্দুল ওয়াহেদ খান প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারা তাকে বেধড়ক মারধর করে। তার ডাক চিৎকার শুনে তানভীর ঘটনাস্থলে গেলে তাকেও তারা লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা তার পিঠে কামড়ে দেয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে তানভীর কে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মানিক খানের সাথে আলাপ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।