স্টাফ রিপোর্টার।। বরিশাল উজিরপুর উপজেলার পূর্ব ধামুরা গ্রামে জমি দখলের জের ধরে সুলতান হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় কৃষক লীগ নেতা আব্দুল মান্নান ফকির ও তার সহযোগীরা। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উত্তর ধামুরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সুলতান হাওলাদার বলেন, আমার জমির সামনে প্রায় ১০ শতাংশ খাস জমি নিয়ম অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। কিন্তু স্থানীয় কৃষকলীগের সাবেক সভাপতি পরিচয় দানকারী আব্দুল মন্নান ফকির ক্ষমতার দাপট খাটিয়ে গত ১৫ জুলাই নিজের ছবি দিয়ে ব্যানার তৈরি করে সেই জমিতে ব্যানার লাগিয়ে জমি দখল করে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সে ব্যানার সরিয়ে নেয়। এ ঘটনায় আদালত থেকে একটি নিষেধাজ্ঞা আসে। স্থানীয় থানার ওসি তাদেরকে কোন উশৃংখল না করে উভয় পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসার নির্দেশ দেন। আদালতের নিষেধাজ্ঞ্য অমান্য করে ঘটনার দিন রবিবার সকালে মন্নান ফকির, রিপন ফকির, তন্ময় মৃধা, সোহেল মৃধা ও নয়ন মৃধা সহ অজ্ঞাত আরো ৪০-৫০ জন সন্ত্রাসী সেই জমি দখলের চেষ্টা করে। এ সময় সুলতান সহ অন্যান্য লোকজন বাধা প্রদান করলে মন্নানসহ অন্যন্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।