স্টাফ রিপোর্টার।। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুই বোনকে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাল ও তার সহযোগীরা। শুক্রবার( ৩১ জানুয়ারী) সকাল ছয়টায় কালিকাপুর বাড়ির পার্শ্ববর্তী বাগানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা সাইমুন্নাহার ও তার বোন সাকিনুর বেগম। বর্তমানে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাকিনুর বলেন, ঘটনার দিন শুক্রবার ভোর সকালে সাইমুন্নাহার ভাত রান্না করতে থাকে। এ সময় জামাল তাকে জোরপূর্বক আগলিয়ে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে বাধা প্রদান করলে জামাল সর্দার বারেক সরদার ও নজরুলসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে। তার চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও পিটিয়ে আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।