স্টাফ রিপোর্টার।। বরিশাল উজিরপুরের সাতলা ইউনিয়নে জমি থেকে উৎখাতের চেষ্টায় দুই দফায় হামলা চালিয়ে বৃদ্ধসহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন- ফরিদা, শাহাদাত, তার বাবা জাহাঙ্গীর সরদার, তার মেয়ে বকুলি, নাতি আশিক, পুত্রবধূ ঝুমুর, মেয়ে ফরিদা ও ছেলে শাহাদাত সরদার। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসাধীন এবং ফরিদা ও শাহাদাত কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ও বুধবার সকাল ১০ টায় শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত জানান, তার ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে উৎখাতের পায়তারা করে আসছে পার্শ্ববর্তী আজিজ সরদার, নাঈম সরদার, মিজান সরদার ও রোকেয়া বেগম সহ অজ্ঞাত আরো ৫-৭জন। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন তার বাবা জাহাঙ্গীরকে আজিজ সহ অন্যান্যরা মারধর করে। এ সময় তার মেয়ে বকুলি এগিয়ে আসলে তাকেও মারধর করে। বিষয়টি ঘটনার দিন বুধবার সকালে শাহাদাত আজিজ কে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাকেও ইট দিয়ে আঘাত করে। ডাক চিৎকার শুনে ফরিদা,জাহাঙ্গীর,আশিক ও ঝুমুর ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, মিজান আওয়ামী লীগের দোসর। তার সন্ত্রাসী জ্বালা যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।